ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলা লুকা জিদান গত বছর থেকে পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। আসন্ন বিশ্বকাপের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে আলজেরিয়া। ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন লুকা। গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনিতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এর পরও অভিজ্ঞ কোচ ভøাদিমির পেতকোভিচ এই গোলরক্ষককে আলজেরিয়ার দলে রেখেছেন।
ফুটবল বিশ্বে ফ্রান্সের হয়ে জিদানের গৌরবময় ইতিহাস থাকলেও বাবার বদলে ভিন্ন পথে লুকা। তিনি ফিফার কাছে জাতীয়তা পরিবর্তনের আবেদন করেন। এরপর ২০২৫ সালে আলজেরিয়ার জার্সিতে তার অভিষেক হয়। ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে আসা আলজেরিয়া দল এবারের বিশ্বকাপে বেশ শক্তিশালী একটি গ্রুপে অবস্থান করছে। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া আলজেরিয়া ১৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে। এ ছাড়া ‘জে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্দান।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে যদি মাঠে নামতে পারেন লুকা, তবে তা আলজেরিয়ার রক্ষণভাগের জন্য হবে অনেক বড় স্বস্তি। আলজেরিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেবও। কোচের পছন্দে বিশ্বকাপ স্কোয়াডে আছেন জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সে চোটের কারণে খেলতে না পারা হুসেম আউয়ার ও আমিন গুইরিকেও।
আলজেরিয়া বিশ্বকাপ স্কোয়াড : গোলরক্ষক- ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান; ডিফেন্ডার- আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই; মিডফিল্ডার- হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি; ফরোয়ার্ড- মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ ও আনিস হাজ মুসা।



