নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। তন্ময় হোসেন স্ত্রীকে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকত এবং লেখাপড়ার পাশাপাশি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনি নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করার জন্য যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় নওগাঁর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে মাথা থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
মহাদেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয় শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


