বিভিন্ন স্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে, গত শনিবার ও রোববার বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে সরা দেশে নিজ নিজ কার্যালয়ে, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হলে তার আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করতে হবে। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে গত শনিবার আয়োজিত এক দোয়া মাহফিল ও কাঙালিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ।

সাংবাদিক সেলিম আহমেদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন মল্লিক সোহেল, নাদির আহমেদ, সেলিম উদ্দিন আহমেদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ।

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে, বাদ আসর দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম তালুকদারের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা: কফিল উদ্দিন আহম্মেদ, কিশোরগঞ্জ জেলা নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ, উপজেলা সহসভাপতি ডা: সাইফুল ইসলাম।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ধামরাইয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল গত রোববার উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট প্রমুখ।