সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের চান মিয়া ভূঞা সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পূর্ব মীর্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) চান মিয়া ভূঞা সড়কের ৮৮০ মিটার উন্নয়নকাজে এক কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় ফেনীর সেঞ্চুরি ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, দরপত্র অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার না করে ঠিকাদার নিম্নমানের মেকাডম এবং বালি-ইটের কনার মিশ্রণে অত্যন্ত নিম্নমানের বালু দিয়ে কাজ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন।
খবর পেয়ে এলজিইডির সার্ভেয়ার রাশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নির্মাণকাজে কিছু ত্রুটির সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আজ উপজেলা প্রকৌশলী সরেজমিন তদন্ত করবেন। উপজেলা প্রকৌশলী মনির হোসেন বলেন, কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন অবহেলিত সড়কটি পাকা করার সুযোগ এসেছে। তাই কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ মেনে নেয়া হবে না। এ বিষয়ে ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন বলেন, ভালো মানের সামগ্রী ব্যবহার করেই কাজ করার চেষ্টা করা হয়েছে। তবে অভিযোগের কারণে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।



