চট্টগ্রাম ব্যুরো
ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচুত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে। একদিন আগেও তাদের জয়বাংলা বলার মুরদ ছিল না, একদিন পরেও নেই। জানাজার সময় যেখানে মানুষ শেষ যাত্রায় কলেমা পড়ে সেখানে ১০-২০টা ছেলে জয়বাংলা জয়বাংলা করে একটা কিছু প্রমাণ করতে চায়, একটা জিনিসই প্রমাণ করতে পারে সেটি হচ্ছে তারা শুধু বিতাড়িত হয়নি তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে। আমরা চাই না রাজনৈতিক দেউলিয়াত্ত বাংলাদেশে থাকুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার কোনো অংশ হোক। আমাদের লক্ষ্য হচ্ছে যেন আরো জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারি, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি, সেই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।
স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজীক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যার জন্ম ইতিহাস পড়ার জন্য নয়, হয়েছিল ইতিহাস সৃষ্টি করার জন্য। যার জীবন কেবল বেঁচে থাকার জন্য দেশের জন্য বিলিয়ে দেয়ার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। তার সেই কালজয়ী উক্তি আজ বিশেষ করে মনে পড়ে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করার নিরলস পরিশ্রম করতে দেখে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, নগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



