আলজাজিরা
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ হামলা ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শুক্রবার বেকা ভ্যালিতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।
পরে এনএনএ মৃত্যুর সংখ্যা বাড়িয়ে ‘১০ জনের বেশি’ বলে উল্লেখ করে এবং জানায়, রিয়াক শহরের একটি ভবনে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেকা অঞ্চলের বালবেক এলাকায় হিজবুল্লাহর ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপর দিকে হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের এক সামরিক নেতা রয়েছেন।
এর আগে শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণাঞ্চলীয় সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়েহ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, একটি ‘ইসরাইলি ড্রোন’ শিবিরের হিটিন এলাকায় হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামাস দাবি করেছে, এ হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছেন।
এনএনএ জানিয়েছে, শরণার্থীশিবিরে হামলায় একটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনী ব্যবহার করত, বর্তমানে এটি খাদ্যসহায়তা বিতরণের জন্য ভাড়া দেয়া হয়েছিল। গত নভেম্বরে একই শিবিরে ইসরাইলি অভিযানে ১৩ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১১ জন ছিল শিশু।
জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইল লেবাননে ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। জাতিসঙ্ঘ মানবাধিকার দফতর জানিয়েছে, এ হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু।
লেবানন গত মাসে জাতিসঙ্ঘে অভিযোগ দায়ের করে জানিয়েছে, ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং দেশটির ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করছে না। বর্তমানে ইসরাইল লেবাননের পাঁচটি এলাকা দখল করে রেখেছে, যা সীমান্তবর্তী গ্রামগুলোর পুনর্গঠন ও বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত রোববারও লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ইসরাইলি হামলায় চারজন নিহত হন। ইসরাইল দাবি করে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।


