ক্রীড়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। খেলোয়াড়ি জীবনের ইতি টানার দুই বছর পর এসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্পেনের হয়ে এই মিডফিল্ডার। আমিরাতেরই গালফ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। প্রথমবারের মতো কোনো দলের ডাগআউটে দেখা যাবে বিশ্বকাপজয়ী স্প্যানিশ এই তারকাকে। ৪২ বছর বয়সী সাবেক এই ফুটবলারকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা গত পরশু জানিয়েছে আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাবটি।
কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করতে পেরে ভালো লাগছে ইনিয়েস্তার। তিনি বলেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার জন্য গালফ ইউনাইটেড এফসিকে সঠিক জায়গা মনে হয়েছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, আর এখন কোচিংয়ের মাধ্যমে, শেখার মাধ্যমে ও প্রতিদিন এমন তরুণ খেলোয়াড়দের সাথে কাজ করার মাধ্যমে, যাদের অনেক দূর যাওয়ার ক্ষুধা ও প্রতিভা রয়েছে, ফুটবলকে কিছু দিতে চাই।’
২০২৪ সালে ফুটবল থেকে অবসর নেন ইনিয়েস্তা। বার্সেলোনার সাবেক এই ফুটবলার ক্যারিয়ারে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ৯টি লা লিগা শিরোপা। জাতীয় দলের জার্সিতে দু’টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একটি বিশ্বকাপ জেতেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তার দেয়া জয়সূচক গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।



