শীর্ষ বাছাই সাবালেঙ্কার বিদায়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্যারিসে চলমান ফ্রেঞ্চ ওপেনে দেখা গেল বড় চমক। নারী এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা ২৫ তম বাছাই রাশিয়ার দিয়ানা শনাইদার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

দিয়ানা ৩-৬, ৭-৫ ও ৬-০ সেটে সাবালেঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। ম্যাচের শুরুতে পুরো নিয়ন্ত্রণে ছিলেন সাবালেঙ্কা। প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান শনাইদার।

শেষ পর্যন্ত টানা ১৩ গেমের মধ্যে ১২টি জিতে ম্যাচ নিজের করে নেন তিনি। অন্য দিকে সাবালেঙ্কা পুরো ম্যাচে ৫৭টি আনফোর্সড এরর করে নিজের ছন্দ হারান।

ম্যাচ শেষে শনাইদার বলেন, ‘আমি সত্যিই বাকরুদ্ধ। এটি আমার জন্য খুবই বিশেষ জয়। প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম; কিন্তু পরে ছন্দ ফিরে পাই এবং প্রতিটি পয়েন্টে লড়াই করেছি।’

সেমিফাইনালে শনাইদারের প্রতিপক্ষ হবেন পোল্যান্ডের কোয়ালিফায়ার মাজা খোয়ালিনস্কার। যিনি আরেক চমকে রাশিয়ান আনা কালিনস্কায়াকে ৭-৬ (৭-৩), ৬-৩ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন। ওপেন যুগে কোয়ালিফায়ার হিসেবে গ্র্যান্ডসø্যাম সেমিফাইনালে ওঠা ষষ্ঠ নারী খেলোয়াড় তিনি।

নারী এককের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন মার্টা কিসতিওক ও মিরা আন্দ্রেভা। এ দিকে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে ইতালির দুই খেলোয়াড় মাত্তেও বের্রেত্তিনি ও মাত্তেও আর্নালদি মুখোমুখি হবেন।চলতি আসরে একের পর এক অঘটনে জমে উঠেছে প্রতিযোগিতা, তবে সাবালেঙ্কার এই হারই এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।