নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
গতকাল জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সাথে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বিরোধী দলের নেতার সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
ওমানে দুর্ঘটনায় শোক : ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চার সহোদর রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক শোক বিবৃতিতে বলেন, যে পরিবারে কয়েকদিন পর বিয়ের আনন্দ আয়োজন হওয়ার কথা ছিল, সেই পরিবারে আজ শোকের মাতম ও অন্ধকার ছায়া নেমে এসেছে। প্রবাস জীবনের কঠোর সংগ্রাম শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে যারা নিরলস পরিশ্রম করছিলেন, তাদের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।
তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। শোকবার্তায় তিনি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।



