ভুয়া হিসাব কর্মকর্তা সেজে নোবিপ্রবির শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ

Printed Edition

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের লক্ষ্য করে ভুয়া হিসাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, একটি সঙ্ঘবদ্ধ চক্র ফোন করে মেধাবৃত্তি বা বিশেষ বৃত্তির প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে।

শিক্ষার্থীদের ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, প্রতারকরা শিক্ষার্থীদের নাম, রোল, বিভাগসহ বিভিন্ন তথ্য উল্লেখ করে বিশ্বাস অর্জন করে। পরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি সংগ্রহ করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী মুবদী রাফিন জানান, প্রতারকরা এমনভাবে কথা বলেন যে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তথ্য ছাড়া এভাবে যোগাযোগ সম্ভব নয়। আইসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, শিক্ষার্থী না পেলে অভিভাবকদের অ্যাকাউন্ট ব্যবহারের প্রস্তাবও দেয়া হচ্ছে। এসিসিই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তৈবুর রহমান রাফি জানান, চাপের মুখে ওটিপি দেয়ার পর তার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা কেটে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী বলেন, এটি সাইবার প্রতারক চক্রের কাজ। সবাইকে সতর্ক করা হচ্ছে এবং শিগগিরই নোটিশ দেয়া হবে। ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।