পীরগাছা (রংপুর) সংবাদদাতা
রংপুর-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বৈধ ভোটের নির্ধারিত এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় জাতীয় পার্টির প্রার্থীসহ সাতজন জামানত হারাতে বসেছেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট বৈধ ভোট পড়েছে তিন লাখ ২৮ হাজার ৫০০টি। জামানত রক্ষায় একজন প্রার্থীকে পেতে হবে বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ন্যূনতম ৪১ হাজার ৬৩ ভোট। কিন্তু এ শর্ত পূরণ না হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
ঘোষিত ফলে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমান ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৯৭ ভোট। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (‘রিকশা’) পেয়েছেন ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (‘ডাব’) পেয়েছেন ৫৪০ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (‘কাঁচি’) পেয়েছেন ২৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদিন (‘ঘোড়া’) পেয়েছেন ১৬৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন (‘হাতপাখা’) পেয়েছেন চার হাজার ৪০৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার (‘হরিণ’) পেয়েছেন ১২২ ভোট।
অপর দিকে, এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্য সচিব ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন। তিনি পেয়েছেন মোট এক লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।



