পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

Printed Edition

আলজাজিরা

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সোচ্চার বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে স্বাধীন সাংবাদিকতা দমনের সর্বশেষ প্রচেষ্টা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

সোমবার পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ এক বিবৃতিতে জানান, প্রতিরক্ষা দফতরের প্রেস অফিসকে নতুন করে ‘সংবেদনশীল শ্রেণিবদ্ধ তথ্য কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে সাংবাদিকরা এখন থেকে আর ওই দফতরে সরাসরি প্রবেশের অনুমতি পাবেন না। আলজাজিরাকে দেয়া অন্য এক বিবৃতিতে ভালদেজ দাবি করেন, প্রতিরক্ষা দফতরের ভাষণ লেখকরা নিয়মিত গোপন সরকারি তথ্য নিয়ে কাজ করেন। তাই তাদের জন্য নিরাপদ সরকারি যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের প্রয়োজনীয়তা থেকেই এই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিরক্ষা সচিবের জনসংযোগ বিষয়ক সহকারী এবং প্রেস সচিবের কার্যালয়ে কেবল পূর্বনির্ধারিত সাক্ষাতের মাধ্যমেই প্রবেশ করা যাবে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর থেকেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার ক্রমান্বয়ে সীমিত করা হচ্ছে। এর আগে মার্চ মাসে প্রতিরক্ষা বিভাগ ঘোষণা দেয়, কোনো সংবাদমাধ্যম পেন্টাগনের ভেতরে আর স্থায়ী কার্যালয় রাখতে পারবে না।