বাবরকে আটকানোর প্ল্যান মুশফিকের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সব ঠিক থাকলে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে আজ সিলেটের মাঠে নামছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। প্রথম টেস্টে বাবরকে না পেয়ে কিছুটা ভুগেছে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে তাই কিছুটা চাঙ্গা হয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে তারা। প্রথম ম্যাচে হেরে ইতোমধ্যেই ব্যাকফুটে আছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জয় চাই-ই-চাই তাদের, নয়তো সিরিজ হার নিশ্চিত। বাবর ফিরলেও বাংলাদেশের কাছে আছে তাকে আটকানোর প্ল্যান।

গতকাল প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘বাবরের মতো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার থাকা মানে ওদের জন্য অবশ্যই বুস্ট আপ। আমরা যে দুটো টেস্ট পাকিস্তানে গিয়ে হারিয়েছি, সেখানেও সে ছিল। তাও হারিয়েছি। তাকে কিভাবে আটকাতে হবে, প্ল্যান আছে আমাদের। এক্সিকিউট করলে তাকেও চাপে ফেলতে পারব, দলকেও চাপে ফেলতে পারব।’

মুমিনুল তাইজুুলকে কৃতিত্ব

টেস্ট ক্রিকেটের দীর্ঘ যাত্রায় মুশফিকুর রহীম অন্যতম। ওয়ানডে এবং টি-২০কে বিদায় বলে দিয়ে আপাতত টেস্টই খেলছেন মুশফিক। সাথে দুই অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার তকমা পাওয়া মুমিনুল হক এবং তাইজুল ইসলামও রয়েছেন। সংবাদ সম্মেলনে এসে মুমিনুল-তাইজুলকে বড় কৃতিত্ব দিলেন মুশফিকুর, ‘পরিবেশ খুবই ভালো। ক্যারিয়ার প্রায় শেষ। প্রতিটি দিনই ব্লেসিং। আমি খুব উপভোগ করছি। টেস্টকে সবসময় প্রাধান্য দেই। বাংলাদেশের টেস্ট ক্রিকেট এতদূর আসার পেছনে দু’জনের অনেক বড় অবদান। একজন মুমিনুল, একজন তাইজুল।’

তিনি যোগ করেন, ‘আমি ২-৩ বছর ধরে এক ফরম্যাটে খেলছি। ওদের পেইনটা এখন বুঝতে পারছি। ওরা প্রায় ১০-১২ বছর কোনো অভিযোগ ছাড়া দিনের পর দিন কাজটা করে গেছে। আমি কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসি, খুশিটা দ্বিগুণ হয়ে যায়। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। গত ৬-৭ বছরে এটাই বড় পরিবর্তন। আমি আমার পরিবারকে বেশি সময় দিতে পারছি যা গত ১৫-১৬ বছরে দিতে পারিনি। এটাও বড় পাওয়া।’

ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেননি

নিজের ক্যারিয়ার শেষ দিকে, তা বেশ ভালো করেই জানেন মুশফিক। বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা মুশফিক বলেছেন, ‘না এমন কিছু না, মৃত্যুর আগে শেষ কিছু দিন বেঁচে থাকার খুব ইচ্ছা। যে কয়টা দিন মাঠে কাটাতে পারি। ছাড়ব বা কবে ছাড়ব সিদ্ধান্ত নেইনি। তবে ভালো সময় থাকতেই ইনশাআল্লাহ ছেড়ে দিব।’

ওয়ানডেতে আর ফেরা নয়

সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বললেও এখনও টেস্ট খেলছেন মুশফিক। সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর মিডল অর্ডারে ভুগেছে বাংলাদেশ। এখন অবশ্য ছন্দে ফিরেছে দল। সম্প্রতি মুশফিককে ওয়ানডে দলে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে মুশফিক তার নিজের সিদ্ধান্তে অটল।

মুশফিক বলেন, ‘ওয়ানডেতে ফেরার প্রস্তাব এসেছিল আমার কাছে। বাংলাদেশ দল এখন যে অবস্থানে আছে বা ভবিষ্যতে যাবে, আমার মনে হয় আমার সার্ভিস ইনশাআল্লাহ দরকার হবে না।’

জয়ে আশাবাদী সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। যেখানে চোটের কারণে খেলতে পারেননি দলটির সাবেক অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিন তিনি হাঁটুতে চোট পান। সিলেটে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন বাবর। সিরিজ বাঁচানোর ম্যাচটিতে তার ফেরায় খুশি পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদও। বাবরকে নিয়ে জয় পেতে চান তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে এই অধিনায়ক বলেন, ‘এটি আমাদের জন্য অনেক ইতিবাচক। যদি বাবর আজমের কথা বলেন, গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হচ্ছে। তাকে দলে পেয়ে আমরা খুশি।’

সরফরাজ আরো বলেন, ‘নিশ্চিতভাবেই ভালো ক্রিকেট না খেললে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হলো পরবর্তী ম্যাচ খেলা এবং আশা করি আমার অধিনায়ক ও পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে ইনশাআল্লাহ।’

পাকিস্তানের স্কোয়াডে আরেক অভিজ্ঞ তারকা মোহাম্মদ রিজওয়ান মিরপুরে প্রথম টেস্টে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। সরফরাজ অবশ্য তার ফর্মে ফেরা নিয়ে আশাবাদী, ‘রিজওয়ান একজন অসাধারণ উইকেটকিপার। অনেক সময় পর যখন আপনি কোনো সংস্করণে খেলেন তখন এমনটা হতে পারে। তবে আমার বিশ্বাস সে ব্যাটিং ও কিপিং দিয়ে পাকিস্তানের জন্য ভালো করবে।’