ট্রাম্পের অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণœ হচ্ছে : চাক শুমার

Printed Edition
ট্রাম্পের অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণœ হচ্ছে : চাক শুমার
ট্রাম্পের অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণœ হচ্ছে : চাক শুমার

আনাদোলু

ইরানের সাথে অবৈধ যুদ্ধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু বিষয়ক নেতা চাক শুমার। তিনি দাবি করেন, এই সঙ্ঘাত বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি সামরিক শক্তি হ্রাস করছে এবং শত্রুদের উৎসাহিত করছে। বৃহস্পতিবার এই সমালোচনা করেন তিনি।

সিনেটে দেয়া বক্তব্যে শুমার জানান, এই সঙ্ঘাতের কারণে এরই মধ্যে মার্কিন করদাতাদের অন্তত ২৯ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বমঞ্চে আমেরিকার সুনাম আরো ক্ষুণœ হয়েছে। আমাদের যখন বিশ্বজুড়ে অন্যান্য আগ্রাসীদের প্রতিহত করা প্রয়োজন, ঠিক তখনই আমেরিকার গোলাবারুদের মজুত কমে যাচ্ছে।’ ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই পরিস্থিতি থেকে চীনের মতো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা লাভবান হচ্ছে। শুমার বলেন, ‘আমেরিকার জনগণ হয়তো ট্রাম্পের এই যুদ্ধ থেকে কোনো সুবিধা পাচ্ছে না, তবে বিশ্বজুড়ে আমাদের প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বীরা নিশ্চিতভাবে লাভবান হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ট্রাম্প যখন আমেরিকার সুনাম ধুলোয় মিশিয়ে দিচ্ছেন, তখন চীন নিজেদের বিশ্বমঞ্চে স্থিতিশীলতা ও যুক্তির উৎস হিসেবে উপস্থাপন করছে।’

ইরানের কাছে চীনের পরিকল্পিত অস্ত্র বিক্রির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনের কথাও উল্লেখ করেন এই ডেমোক্র্যাট নেতা। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ ও সম্পদ অন্যত্র সরিয়ে নেয়ার কারণে তাইওয়ানের প্রতি বেইজিং আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘আমরা যদি আমেরিকাকে শীর্ষে রাখতে চাই, তবে ট্রাম্পের এই অবৈধ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করা প্রয়োজন।’

শুমার জানান, বেইজিংয়ে বৃহস্পতিবার ট্রাম্পের সাথে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। সিনেটের এই নেতা বলেন, ‘আমরা যদি তাইওয়ানের প্রতি সমর্থন অব্যাহত রাখি, তবে শি জিনপিং এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষ বা সঙ্ঘাতে জড়ানোর হুমকি দিয়েছেন। ট্রাম্প দৃশ্যত এর জবাবে কিছুই বলেননি। তিনি একেবারে নিশ্চুপ ছিলেন।’