নিজস্ব প্রতিবেদক
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ ও অধিকার সুরক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি)। গতকাল মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা সর্বসম্মতভাবে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকে সর্বজ্যেষ্ঠ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা
আহ্বায়ক : শফিক রেহমান (সম্পাদক, যায়যায়দিন); যুগ্ম আহ্বায়ক : মাহমুদুর রহমান (সম্পাদক, আমার দেশ)।
সদস্যবৃন্দ : ১. সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর (সম্পাদক, নয়া দিগন্ত), ২. হাসান হাফিজ (সম্পাদক, কালের কণ্ঠ), ৩. আবদুল হাই শিকদার (সম্পাদক, যুগান্তর), ৪. মারুফ কামাল খান সোহেল (সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ), ৫. আযম মীর শাহীদুল আহসান (সম্পাদক, সংগ্রাম), ৬. মোকাররম হোসেন (সম্পাদক, নিউ নেশন), ৭. শফিকুল আলম (সম্পাদক, ওয়াদা), ৮. শহীদুল ইসলাম (সম্পাদক, মানবকণ্ঠ), ৯. শান্তনু ইসলাম সুমিত (সম্পাদক, লোকসমাজ), ১০. ওসমান গনি মনসুর (সম্পাদক, ডেইলি পিপলস ভিউ) ও ১১. মুকতাবিস উন নূর (সম্পাদক, জালালাবাদ)।
মূল লক্ষ্য ও গৃহীত সিদ্ধান্তগুলো
বৈঠকে উপস্থিত সম্পাদকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে দেশের সংবাদমাধ্যমের যে চরম অবক্ষয় ও বিপর্যয় ঘটেছে, তা থেকে উত্তরণ এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই নতুন এই সংগঠনটি গড়ে তোলা অপরিহার্য হয়ে পড়েছিল। এই বিষয়ে সবাই একমত পোষণ করেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে- সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে দ্রুত একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি করা হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেয়া হবে। যত দ্রুত সম্ভব দেশের সব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের সমন্বয়ে একটি বৃহৎ ‘জাতীয় কনভেনশন’ আয়োজন করা হবে।



