ক্রীড়া প্রতিবেদক
প্রায় এক যুগ পর দেশে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। সবশেষ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল এই লিগ। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে অংশ নিচ্ছে সাতটি দল। এগুলো হলোÑ ঢাকা গ্ল্যাডিয়েটরস বিসি, নিট কনসার্ন ব্যাডমিন্টন কাব, মাহা স্পোর্টিং কাব, ভাস্তিকা স্পোর্টস, অ্যালোরা শাটলার অ্যাকাডেমি, গুলশান স্পোর্টিং কাব ও ইউরোপা ইয়ুথ ব্যাডমিন্টন কাব। বসুন্ধরা ও আহবান কাব অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মানা করে দিয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি কাব দু’টি। ইতোমধ্যে অ্যালোরা শাটলার অ্যাকাডেমি রঘু নামে একজন ভারতীয় শাটলারকে এনেছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ। অস্ট্রেলিয়া ও দুবাইয়ে টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। মালয়েশিয়া থেকেও কয়েকজন আসার কথা রয়েছে।
লিগ সম্পর্কে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘দেশের শাটলারদের অর্থ আয়ের অন্যতম একটি পথ প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। অথচ গত প্রায় এক যুগ ধরে সেই লিগ বন্ধ ছিল। বলতে গেলে, শাটলারদের রুটি-রুজি একপ্রকার বন্ধই ছিল। এবার প্রথম বিভাগ লিগের মাধ্যমে তাদের অর্থ আয়ের সেই হতাশা দূর হবে আশাকরি।’
সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। পুরুষ ও নারী মিলিয়ে শতাধিক শাটলার অংশ নেবেন পুরুষ-মহিলা একক-দ্বৈতে ও মিশ্র দ্বৈতে।
ফেডারেশন এই লিগে প্রতি কাবের হয়ে খেলার জন্য একজন পুরুষ ও একজন নারী শাটলারকে অনুমতি দিয়েছে। মোট পাঁচ ম্যাচের দলীয় খেলায় তিনটি জিতলেই জয়ী দলকে পুর্ণ পয়েন্ট দেয়া হবে।



