নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বালুমহলে সন্ত্রাসীদের হামলায় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামিউল ট্রেডার্সের ইজারা নেয়া বালুমহলের লোকজন ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এ সময় বালুমহলের পার্শ্ববর্তী মির্জাচর গ্রামের একদল সন্ত্রাসী স্পিডবোটে এসে বাধাদানকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আরো ১০-১২ জন আহত হন বলে দাবি স্থানীয়দের। গুলিবিদ্ধ চারজনকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন।
স্থানীয়রা জানায়, সকালে ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে নেয়ার সময় বাধা দিলে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। তাদের অভিযোগ, পাশের এলাকার মির্জাচর গ্রামের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মসজিদ, বিদ্যালয় ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে আসছে।
চরলাপাং গ্রামের এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বালুমহলকে কেন্দ্র করে নবীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের লোকজন জড়িত। তিনি বিষয়টির সুরাহা চেয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সন্ত্রাসীরা প্রথমে স্পিডবোট থেকে গুলি চালায়। পরে আরো কয়েকটি নৌকা নিয়ে চরে নেমে গুলিবর্ষণ করে এবং বাজার এলাকায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান অভিযোগ করে বলেন, বালু উত্তোলনের সময় সশস্ত্র মহড়া দেয়া হচ্ছে। এতে ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।



