প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে চীন বা ভারত নয়, মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১ জুন দুই দিনের সফরে তার কুয়ালালামপুর সফরের প্রস্তুতি চলছে। এরপর প্রধানমন্ত্রীর চীন সফরের কথা থাকলেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ভারত সফরের বিষয়টি এখনো আলোচনায় আসেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে অভিবাসনসংক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় আসবে। এ ছাড়া উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেয়া মূলত আন্তর্জাতিক অংশীদারিত্ব বহুমুখীকরণ এবং অর্থনৈতিক কূটনীতি জোরদার করার ক্ষেত্রে ঢাকার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশের প্রায় ১০ লাখ মানুষ বৈধভাবে কর্মরত রয়েছে, যা তাদেরকে সে দেশের অন্যতম বৃহৎ বিদেশী শ্রমগোষ্ঠীতে পরিণত করেছে। মালয়েশিয়ার পাম বাগানসহ নির্মাণ, রবার ও ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সব খাত দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশী পর্যটন ও শিক্ষার্থীদেরও অন্যতম গন্তব্য মালয়েশিয়া।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা রয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তৈরি পোশাক, ওষুধ এবং প্লাস্টিক সামগ্রীর পাশাপাশি মালয়েশিয়ার বাজারে এখন বাংলাদেশের তাজা আম রফতানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মশক নিধন শিখতে সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান

মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন এবং সিটি করপোরেশনের আরো পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে- এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই বা তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সিটি মেয়রসহ সংশ্লিষ্টদের ডোবার পাশে অবস্থান করে মশা নিধনের সম্ভাব্য করণীয় ঠিক করতে বলেন।

খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব নাকচ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বলেছেন, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়, যেখানে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করেননি; বরং তিনি একটি নীতিগত নির্দেশনা দিয়ে বলেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার অর্থ হলো বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই থাকবে। তবে ভবিষ্যতে কোনো নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে প্রস্তাবিত নামটি বিবেচনা করা যেতে পারে।