ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
সিয়াম সাধনার মাস রমজানের শেষ দশকে আল্লাহর নৈকট্য লাভের আশায় চট্টগ্রামের ফটিকছড়িতে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ ইতেকাফের আসর। উপজেলার ঐতিহ্যবাহী নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসা মসজিদে এ বছর প্রায় দুই হাজার ৭০০ ধর্মপ্রাণ মুসল্লি ইতেকাফে অংশ নিয়েছেন। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, একক মসজিদে মুসল্লির সংখ্যার দিক থেকে এটি দেশের বৃহত্তম আয়োজন।
সরেজমিন দেখা যায়, মাদরাসার বিশাল মসজিদের তিন তলাজুড়ে সারিবদ্ধভাবে অবস্থান করছেন মুসল্লিরা। জাগতিক কোলাহল ও পারিবারিক ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিমগ্ন রয়েছেন ইবাদত-বন্দেগিতে। দিন-রাত অতিবাহিত হচ্ছে কুরআন তেলাওয়াত, নফল নামাজ ও জিকির-আজকারের মাধ্যমে। বিপুলসংখ্যক এই মুসল্লির সেবা নিশ্চিতে মাদরাসার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল। তারা ইতেকাফকারীদের খাবার পরিবেশন থেকে শুরু করে অসুস্থ ও বয়োবৃদ্ধদের ব্যক্তিগত নানা কাজেও সহায়তা করছেন।
মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতেকাফকারীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থাপনা। সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশনের পাশাপাশি মুসল্লিদের শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত ও নামাজের সঠিক নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতিদিন আসর নামাজের পর দেশের শীর্ষস্থানীয় আলেমরা ঈমান ও আমল বিষয়ে বিশেষ আলোচনা করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা জানান, বিজ্ঞ আলেমদের সরাসরি তত্ত্বাবধান ও চমৎকার শৃঙ্খলার কারণেই তারা প্রতি বছর এখানে ছুটে আসেন।
মাদরাসার পরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী বলেন, আল্লাহর সন্তুষ্টির আশায় আসা এই মেহমানদের সেবা করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। মুসল্লিদের ইবাদত যেন নির্বিঘœ হয়, সে জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করছি।



