নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় শেরপুরে নিহত হয়েছেন বাবা ও ছেলে। এ ছাড়া অন্যান্য স্থানে প্রাণ গেছে আরো পাঁচজনের।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার বিকেলে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশের সড়কে স্থাপিত পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা- আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসিন আলভী পুলক (২২)। তিনি সাভার আর্মি এআইবিএর বিবিএর ১২তম ব্যাচের ছাত্র এবং দিনাজপুর জেলা সদরের ঈদগাহ বসতি এলাকার রফিকুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান নয়া দিগন্তকে জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মহাসড়কের আবদুর রউফ গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরিচাপায় এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই ছেলে গুরুতর আহত হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কারি মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জেলা জজ কোর্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাহাতৈর নামক এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মোটরবাইক দুর্ঘটনায় আকাশ (২০) নামের একজনের মৃত্যু হয়। নিহত আকাশ স্থানীয় বিয়ালা গ্রামের অমল মণ্ডলের ছেলে।



