বোর্ডের রুটিন উপেক্ষা করে আগেই এসএসসির ব্যবহারিক পরীক্ষা

Printed Edition

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জে এম জি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচির আগেই ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দেখা যায়, কেন্দ্রটিতে এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়া হচ্ছে। অথচ যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। বিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী আরাফাত হোসেন অভিযোগ করে বলেন, বোর্ডের নির্ধারিত তারিখ অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে পরীক্ষা নেয়ায় অনেকেই পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাননি, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কেন্দ্র সচিব ও উপজেলা সহকারী প্রোগ্রামার সোহেল রানা দাবি করেন, ৩ ও ৪ জুন ব্যবহারিক পরীক্ষা নেয়া হচ্ছে এবং বোর্ডের নির্ধারিত সময়েও পরীক্ষা গ্রহণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, বোর্ডের নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের আগে ব্যবহারিক পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, নির্ধারিত সময়ের আগে ব্যবহারিক পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।