চট্টগ্রামে মাত্র ৫০০ টাকা ছিনিয়ে নিতে পাঠাও চালককে খুন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে এক পাঠাও চালক আজিয়ার রহমানকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িত শহীদুল ইসলাম খোকনকে গ্রেফতারের মাধ্যমে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১০ জানুয়ারি রাতে নগরীর বন্দর থানা এলাকায় এ খুনের ঘটনা গটে।

পুলিশ জানিয়েছে, শহীদুল ইসলাম খোকন (৪৫) নামে ওই ব্যক্তি মাদকসেবী। তার বাড়ি নোয়াখালী জেলায়। থাকেন চট্টগ্রাম নগরীর পানওয়ালা পাড়ায়। রাস্তায় পেয়ে ওই পাঠাও চালককে জিম্মি করে খোকন ইয়াবা খাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে ছুরিকাঘাতে খুন করেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া এলাকা থেকে খোকনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি এবং ওই পাঠাও চালকের ব্যবহৃত হেলমেট উদ্ধার করা হয়।

গত ১০ জানুয়ারি রাতে নগরীর বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আজিয়ার রহমানকে (৩৫) উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিয়ার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। পেশায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’র বাইকচালক আজিয়ার নগরীর বন্দরটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।