কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে কাগজি পাড়া চরবাসী দীর্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক সেবা বঞ্চিত। ঈদের আনন্দের সময়েও অনেক পরিবারকে ভুগতে হয় নানা শারীরিক সমস্যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে অসহায় চরবাসীর চিকিৎসা সুবিধা নিয়ে পাশে দাঁড়ালেন স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী। গত শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া এলাকায় ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ সাত শতাধিক চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
আয়োজক হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, চরের মানুষ এখনো অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ছোট উদ্যোগ নেয়া হয়েছে।



