ধ্বংসস্তূপ থেকে ইট তৈরি

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন গাজার কিশোরী দুই বোন

Printed Edition

বিবিসি

যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসাবশেষকে পুনর্ব্যবহারযোগ্য ইটে রূপান্তরিত করার উদ্ভাবনী পদ্ধতি আবিষ্কার করে একটি মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার জয় করেছেন দুই কিশোরী বোন। ধ্বংসস্তূপ প্রয়োজনীয় সম্পদে পরিণত করার ল্য থেকেই তারা এই অসাধ্য সাধন করেছেন বলে জানিয়েছেন।

পুরস্কারজয়ী এই দুই বোন হলেন ফারাহ মুসা ও তালা মুসা। ইসরাইলি বোমা হামলায় নিজেদের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর বারবার বাস্তুচ্যুত হয়ে বর্তমানে তারা তাঁবুতে বসবাস করছেন। এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তরুণদের জন্য আয়োজিত ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য আঞ্চলিক বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে তাদের নাম। ১৭ বছর বয়সী তালা বিবিসি-কে বলেন, ‘আমাদের পুরো শহরটা যখন ধ্বংসস্তূপে পরিণত হলো, তখন চারপাশের এই ভয়াবহ পরিস্থিতিই আমাদের নতুন কোনো সমাধানের কথা ভাবতে বাধ্য করেছে।’

১৫ বছর বয়সী ফারাহ জানান, প্রাপ্ত ১২ হাজার ৫০০ ডলার পুরস্কারের অর্থ তারা অন্যদের ইট তৈরির কৌশল শেখাতে ব্যয় করার পরিকল্পনা করছেন। তাদের ল্য হলো, কেবল বাইরের সাহায্যের অপোয় না থেকে গাজার বাসিন্দারা যাতে নিজেরাই নিজেদের শহর পুনর্গঠনে অংশ নিতে পারেন। জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজার প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। ২০২৫ সালের শুরু পর্যন্ত গাজা ভূখণ্ডে য়তির পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলার এবং উপত্যকার রাস্তাঘাটে এখনো লাখ লাখ টন ধ্বংসাবশেষ জমে আছে।

নিজেদের বাড়ি ধ্বংস হওয়ার পর গত আগস্টে ফারাহ ও তালা তাদের অস্থায়ী তাঁবুর পাশেই প্রথম কয়েকটি ব্লক বা ইট তৈরি করেন। তারা মূলত ধ্বংসাবশেষ চূর্ণ করে তার সাথে মাটি, ছাই এবং কাঁচের গুঁড়োর মতো উপকরণ মিশিয়ে এই পরিবেশবান্ধব ইট উদ্ভাবন করেছেন। এই ব্লকগুলো প্রতিকূল আবহাওয়ায় প্রতিবেশীদের তাঁবু মজবুত রাখতে সফলভাবে ব্যবহার করা হয়েছে। ফারাহ বিবিসি-কে জানান, কম খরচ ও ওজনে হালকা এই ইটগুলো ফুটপাথ বা বাগানের প্রাচীরের মতো কাঠামো নির্মাণে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। চারপাশের ধ্বংসযজ্ঞ থেকেই তারা এই সৃজনশীল কাজের অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন এই দুই লড়াকু বোন।