জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হবে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি। তারা বলেছিল, রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধান সংষ্কারের জন্য একটা কমিশন গঠন করবে। কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করল।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্য আয়োজনে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট : জনআকাক্সক্ষা বাস্তবায়নে সরকারের দায় এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি’র বক্তব্য একথা বলেন। দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গোলাম রাব্বানী এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি, জাগপার রাশেদ প্রধান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, ডা: আফসার আল মাহমুদ,এডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, দিনাজপুর জেলা এনসিপির আহবায়ক শামসুল মোক্তাদির, সিরাজুশ সালেহীন, জুলাই যোদ্বা শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর পাটোয়ারী প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাদ্দিস ড. এনামুল হক।