ব্রিতে বিশৃঙ্খলায় এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের উদ্বেগ

Printed Edition

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বর্তমানে নেতৃত্ব সঙ্কট, প্রশাসনিক অস্থিরতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠার পর থেকেই অনেক প্রথিতযশা বিজ্ঞানী মহাপরিচালকের দায়িত্ব পালন করে ধান গবেষণাকে দেশে-বিদেশে সুনামের সাথে এগিয়ে নিয়ে যান। কিন্তু গত ২ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের পদ মাসাধিককাল ধরে শূন্য থাকার পরও কৃষি মন্ত্রণালয় ওই পদে কাউকে দায়িত্ব দেয়নি। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ফ্যাসিস্ট আমলে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতিপ্রাপ্ত সিএসও ড. মুহাম্মদ আমিনুল ইসলামকে গত ৩ মে মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়। এর ফলে ব্রিতে আমিনুল ও পরিচালক রফিকুল ইসলাম গ্রুপের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান, ধাক্কাধাক্কি এমনকি প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা বিভাগ, ল্যাব, দফতর ও বিজ্ঞানীদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। এতে স্বাভাবিক গবেষণা কার্যক্রম, ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা, ফাইল নিষ্পত্তি এবং দাফতরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে নজিরবিহীনভাবে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব যিনি একজন অকৃষিবিদ এবং কৃষি গবেষণার সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না, তাকে মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। ব্রি প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাস ভেঙে বিজ্ঞানীদের বাইরে কাউকে এমন দায়িত্ব দেয়া হলো। এর ফলে বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে।

এ অবস্থায় এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ সভাপতি প্রফেসর ড. মাহবুব ই ইলাহী তৌহিদ ও মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ এক বিবৃতিতে যৌথ গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলেন, গবেষণা প্রতিষ্ঠানে পেশাদারিত্বই হওয়া উচিত মূল পরিচয়। তারা কর্তৃপক্ষের কাছে জ্যেষ্ঠতা, যোগ্যতা, অতীতের ভূমিকা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় যোগ্য বিজ্ঞানীকে দ্রুত মহাপরিচালকের দায়িত্ব প্রদান করে গবেষণার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন। এ ছাড়াও মহাপরিচালক পদ ঘিরে চলমান টানাপড়েন, হামলা-হুমকির অভিযোগ, প্রশাসনিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দাবি জানান। বিজ্ঞপ্তি।