নিউ ইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রে ‘গ্রিন কার্ড’ পেতে ইচ্ছুক বেশির ভাগ অভিবাসীকে নিজ দেশে ফিরে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে আবেদন করতে হবে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে নীতি ঘোষণা করেছিল, সেখান থেকে তারা সরে এসেছে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বক্তব্যে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) এক মুখপাত্র বলেছেন, মার্কিন গ্রিন কার্ড প্রত্যাশী সব অভিবাসীকে আবেদনের জন্য নিজ দেশে ফিরে যেতে হবে না। বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
গ্রিন কার্ড কোনো বিদেশী নাগরিকের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সরকারি পরিচয়পত্র। এর মাধ্যমে কোনো বিদেশী নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান না ঠিকই; তবে তাকে স্থায়ীভাবে দেশটিতে থাকতে এবং কাজ করতে দেয়া হয়। নাম প্রকাশ না করে ডিএইচএসের ওই মুখপাত্র বলেন, আগের সিদ্ধান্তটি ছিল মূলত কিছু কর্মকর্তার ‘একচ্ছত্র বিবেচনামূলক ক্ষমতার’ একটি অনুস্মারক। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান করছেন কিংবা যেসব দেশের নাগরিকরা সরকারি সুযোগ-সুবিধার ওপর বেশি নির্ভরশীল, মূলত তারাই এই নীতির মাধ্যমে প্রভাবিত হতে পারেন।



