চীন ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠানোয় শঙ্কিত যুক্তরাষ্ট্র

Printed Edition

রয়টার্স

চীনের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন- এসএমআইসি ইরানের সামরিক বাহিনীর কাছে চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটাই দাবি করেছেন। এতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইলের এক মাস ধরে চলা সংঘাতে বেইজিংয়ের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারের অভিযোগ, চীনা সামরিক বাহিনীর সাথে সম্পর্ক থাকার কারণে আগে থেকেই কড়া নিষেধাজ্ঞার মুখে থাকা এসএমআইসি প্রায় এক বছর আগে থেকে ইরানে এসব সরঞ্জাম পাঠানো শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এটি বন্ধ হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই।’ আরেক কর্মকর্তা জানান, এই সহযোগিতার মধ্যে ‘এসএমআইসির সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণও প্রায় নিশ্চিতভাবেই অন্তর্ভুক্ত ছিল।’

অপ্রকাশিত মার্কিন সরকারি তথ্য নিয়ে কথা বলার জন্য কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য দেন। তারা সরঞ্জামগুলো যুক্তরাষ্ট্রে তৈরি কি না, তা উল্লেখ করেননি। যদি তা যুক্তরাষ্ট্রে উৎপত্তি হয়, তবে ইরানে পাঠানো হলে তা তথাকথিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হতে পারে।

চীন সরকার বলছে, তারা ইরানের সাথে স্বাভাবিক বাণিজ্যিক লেনদেনই করে থাকে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র এসএমআইসিকে বাণিজ্যিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করে; যার ফলে প্রতিষ্ঠানটির ওপর মার্কিন রফতানি প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত হয়।