চট্টগ্রাম ব্যুরো
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের প্রতিবাদে ৬ দফা দাবি উত্থাপন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। একইসাথে দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক ডা: মোহাম্মদ ইরফানুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৯ মে জারি করা এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তা অবিলম্বে বাতিল এবং নতুন নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।



