টেন্ডার-দোকান বরাদ্দে অনিয়ম-দুর্নীতি

তাপস আমলের ডিএসসিসির প্রভাবশালী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডিএসসিসির বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল সোমবার তাকে বরখাস্ত করা হয়। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক দফতর আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ঘনিষ্ঠজন ছিলেন প্রকৌশলী গোলাম কিবরিয়া। ডিএসসিসির বিভিন্ন প্রকল্প তৈরিতে তার সরাসরি হস্তক্ষেপ থাকত। অনেকগুলো প্রকল্পের পরিচালক হিসেবে একাই দায়িত্ব নিয়েছিলেন। এভাবে ক্রমেই তিনি হয়ে উঠেন ডিএসসিসির একজন প্রভাবশালী কর্মকর্তা। প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি থেকে বরখাস্ত করা সবই তার হাত ধরে হতো। এ কারণে প্রকৌশলীরা সব সময় আতঙ্কে থাকতেন। এ ছাড়া ডিএসসিসির সব ধরনের টেন্ডার কাজেরও নিয়ন্ত্রক ছিলেন গোলাম কিবরিয়া। দোকান বরাদ্দ থেকে শুরু করে যেখানেই অতিরিক্ত আয়ের সুযোগ ছিল তার সবই নিয়ন্ত্রণ করতেন গোলাম কিবরিয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তিনি আবার খোলস পাল্টাতে শুরু করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বিএনপির একনিষ্ঠ লোক হতে নানা তৎপরতা শুরু করেন। কিন্তু তার অনিয়ম-দুর্নীতির খতিয়ান এতই লম্বা ছিল যে তা এড়াতে পারেননি বর্তমান প্রশাসক। চারিদিক থেকে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আসায় অবশেষে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে তাকে বাঁচাতে ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।

এ দিকে ডিএসসিসির অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলীর (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে ছিলেন গোলাম কিবরিয়া। তার বিরুদ্ধে ডিএসসিসির সব ধরনের টেন্ডার কাজ নিয়ন্ত্রণ ও বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ ও পরিচালনায় নানা অনিয়মসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এ জন্য তার বিরুদ্ধে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কাজ সুস্পষ্টভাবে পরিচালনা না হওয়া পর্যন্ত প্রকৌশলী গোলম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের দফতরে সংযুক্ত করে হয়েছে।