রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে। মানসনদ ছাড়া দই ও মিষ্টি উৎপাদন এবং লেবেলসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার অপরাধে একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদসংলগ্ন ‘শামিম সুইটস’ নামের প্রতিষ্ঠানে অভিযানটি চালানো হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে ‘সুইটমিট (মিষ্টি)’ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ তৈরি ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী দল নিশ্চিত করে জানায়, উৎপাদিত এসব পণ্যের গায়ে এবং ক্যাপশনে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের সময়সীমা এবং গুণগত মান সংক্রান্ত কোনো আইনি লেবেল বা তথ্য পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরিয়ার ইসলাম নাসিফ। মামলা পরিচালনা ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সিএম উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। সহযোগিতা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তি।



