সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি জেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, সাতক্ষীরার চারটি আসনে এবার ৬০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে তিন হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ তিন হাজার ২৮১টি এবং অস্থায়ী ১২৯টি। কেন্দ্রগুলোর মধ্যে ১৭৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ৪৩০টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের কেন্দ্রগুলো। এ আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টিই ঝুঁকিপূর্ণ। আর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।

আসনভিত্তিক কেন্দ্রের চিত্র অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৬৮টি কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ। সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ১৮০টির মধ্যে ৬০টি, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১৬৫টির মধ্যে ৪০টি এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬টির মধ্যে ২৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: মাসুদুর রহমান জানান, তবে জেলার ৬০৯টি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব কেন্দ্রে কাজ শেষ হবে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শুধু ঝুঁকি নয়, দূরত্ব ও ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থাকে বিবেচনায় নিয়ে। কোথাও ভবনের অবস্থা ভালো না থাকলেও সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। তিনি আরো জানান, চারটি আসনেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।