পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। গতকাল শনিবার সকালে বগা ইউনিয়নের রাজনগর এলাকায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন শেষে আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আরেকটি খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ধান, নদী ও খালের সমন্বয়েই বরিশাল অঞ্চলের জীবন-জীবিকা গড়ে উঠেছে। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে। তিনি বলেন, কৃষিকে টিকিয়ে রাখতে খাল পুনঃখননের বিকল্প নেই এবং নির্বাচনের আগে জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে।
এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল পুনঃখনন উদ্যোগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এ প্রকল্পকে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা উচিত, কারণ এর সুফল সব শ্রেণী-পেশার মানুষ ভোগ করবেন।
খাল পুনঃখনন কাজে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি মাসুদ বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেয়া হবে না। তদারকির জন্য ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করবেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নে খাল পুনঃখনন শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ওসি সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



