ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে গরুর হাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। গত শনিবার দুপুরে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকায় ধামরাই-ধানতারা আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
নিহত শহিদুল্লাহ (৫০) উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের বাসিন্দা। স্বজনদের দাবি, গত ২৭ মে রাতে সাভার ও ধামরাই সীমান্তবর্তী পাড়াগ্রাম কোরবানির হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তিনি নিহত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে হাটের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে তদন্তের দাবি জানান তারা।
নিহতের বড় মেয়ে নুসরাত জাহান অ্যানি বলেন, ‘আমার বাবাকে যারা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে বিচার নিশ্চিত করা হোক। যেন ভবিষ্যতে আর কোনো পরিবার এ ধরনের ঘটনার শিকার না হয়।’
এ বিষয়ে ধামরাই থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাভুক্ত হওয়ায় মামলাটি সেখানে হয়েছে। তদন্তে প্রয়োজন হলে ধামরাই পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।



