মৌসুমি ফলের উপকারিতা

সুস্থ জীবনের প্রাকৃতিক আশীর্বাদ

মনে রাখতে হবে, মৌসুমি ফল শুধু সুস্বাদু নয়; সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি। প্রকৃতির এই উপহার যথাযথ গুরুত্ব দিয়ে খাদ্যাভ্যাসে স্থান দিলে ব্যক্তি, পরিবার ও সমাজ- সবার স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচলিত-অপ্রচলিত মৌসুমি ফল অন্তর্ভুক্ত করে সুস্থ জাতিগঠনে অগ্রণী ভূমিকা রাখতে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের প্রকৃতি মৌসুমি ফলের অনন্য ভাণ্ডার। মৌসুম উপযোগী বিভিন্ন জাতের ফল বিশেষ যত্ন ছাড়াই আমাদের দেশে প্রচুর ফলে। যেমন- গ্রীষ্ম ও বর্ষাকালে আম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন, জামরুলসহ হরেক রকম ফল বাজারে পাওয়া যায়। এসব ফল আমাদের প্রতিদিনের খাদ্যতালিকা সমৃদ্ধ করতে পারে। কিন্তু প্রচলিত কয়েকটি ছাড়া শহুরে সমাজে দেশীয় মৌসুমি ফল কখনো সেভাবে বাজারজাত কিংবা বিপণন করা হয়নি। ফলে বিদেশী বাহারি ফলমূলের কাছে মৌসুমি ফল উপেক্ষিত থেকে যাচ্ছে। অথচ আধুনিক জীবনযাত্রায় কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাদ্যের প্রতি ঝোঁক বাড়লেও মৌসুমি ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব অপরিসীম। জনস্বাস্থ্য রক্ষায় দেশীয় ফল নিয়মিত খাওয়ার প্রয়োজনীয়তা নতুন করে উপলব্ধি করা দরকার।

যেমন- বর্ষাকালের ফল আনারস সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে; যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আনারসে থাকা ব্রোমেলিন নামের এনজাইম হজমে সহায়তা করে। প্রদাহ কমাতে ভূমিকা রাখে। গরমের দিনে শরীরকে সতেজ রাখা ও পানিশূন্যতা দূর করতেও কার্যকর। অন্যদিকে লটকন ফল, যা ভিটামিন সি ও খনিজ উপাদানের উৎকৃষ্ট উৎস। এটিও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। ত্বক ও দাঁতের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এর টক-মিষ্টি স্বাদ যেমন রুচি বাড়ায়, তেমনি এতে থাকা পুষ্টি উপাদান শিশু-কিশোরদের শারীরিক বিকাশেও সহায়ক। জামরুলও একটি উল্লেখ করার মতো মৌসুমি ফল। এটি প্রচুর পানি, খাদ্য-আঁশসহ ভিটামিনসমৃদ্ধ। এটি শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। হজমপ্রক্রিয়া উন্নত করে। এর কম ক্যালোরি ও উচ্চ জলীয় অংশ ওজন নিয়ন্ত্রণে সহায়ক। রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্র ভালো রাখতেও ইতিবাচক ভূমিকা রাখে। মৌসুমি ফলের বড় সুবিধা হলো- এগুলো তুলনামূলকভাবে তাজা, সহজলভ্য ও সাশ্রয়ী। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় সংরক্ষণে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের প্রয়োজন কম হয়। এসব ফল খেলে মানুষ নিরাপদ ও প্রাকৃতিক পুষ্টি পেতে পারে।

বর্তমানে নগরজীবনে শিশু-কিশোরদের মধ্যে কোমল পানীয়, ফাস্টফুড বা জাঙ্ক ফুড ও প্যাকেটজাত খাবারের প্রতি আকর্ষণ বাড়ছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের উচিত মৌসুমি ফলের উপকারিতা সম্পর্কে প্রতিনিয়ত সবাইকে জানানো। এক্ষেত্রে সুস্থ জীবনের জন্য মৌসুমি ফল প্রয়োজনীয় পরিমাণে খেতে উৎসাহিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির বিকল্প নেই।

শহুরে জীবনে মৌসুমি ফলের কদর বাড়াতে পারলে একদিকে যেমন নগরজীবনে পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে দেশীয় ফলচাষও উৎসাহিত হবে। মৌসুমি ফলের কদর বাড়ানো শুধু খাদ্যাভ্যাসের পরিবর্তনের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, কৃষি ও অর্থনীতির সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত।

মনে রাখতে হবে, মৌসুমি ফল শুধু সুস্বাদু নয়; সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি। প্রকৃতির এই উপহার যথাযথ গুরুত্ব দিয়ে খাদ্যাভ্যাসে স্থান দিলে ব্যক্তি, পরিবার ও সমাজ- সবার স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচলিত-অপ্রচলিত মৌসুমি ফল অন্তর্ভুক্ত করে সুস্থ জাতিগঠনে অগ্রণী ভূমিকা রাখতে এগিয়ে আসতে হবে।