ইউক্রেনজুড়ে রাশিয়ার ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। একই সময়ে তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করেছেন।
ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, শনিবার উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরসহ আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
এছাড়া সুমি অঞ্চলে রাতে একটি ভবনে রুশ ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপল শহরে একটি আচ্ছাদিত বাজারে রুশ ড্রোন আঘাত হানলে পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলেও গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ১১টি ড্রোন ১০টি স্থানে আঘাত হানে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পাওয়া গেছে।
অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। টাগানরগ বন্দরনগরীতে এই হামলা চালানো হয় বলে গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ হামলায় একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লাগলেও তা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি আজভ সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়।
স্থবির কূটনৈতিক প্রচেষ্টা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে তেমন অগ্রগতি দেখাতে পারেনি। চলতি বছরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবুধাবি ও জেনেভায় তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত বিরোধে কোনো সমাধান আসেনি।
গত মাসে নির্ধারিত চতুর্থ দফা আলোচনা যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে উত্তেজনার কারণে স্থগিত করা হয়।
এদিকে ইস্তাম্বুলে বৈঠকে জেলেনস্কি ও এরদোয়ান যুদ্ধের অবসান, আঞ্চলিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করেন। তুরস্ক জানায়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতা চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: আল জাজিরা



