অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) কিয়েভে বড় ধরনের রুশ হামলায় একজন নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
রাজধানী কিয়েভে অবস্থানরত বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানায়, বিস্ফোরণের আগে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। রাতজুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অনেক বাসিন্দা আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনে ছুটে যান।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলায় রাশিয়া ৬৭০টির বেশি আক্রমণাত্মক ড্রোন ও ৫৬টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বেশিভাগ হামলার লক্ষ্য ছিল কিয়েভ।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যারা মনে করে যুদ্ধ শেষের দিকে যাচ্ছে, এটি তাদের কাজ হতে পারে না। এই হামলার বিষয়ে অংশীদার দেশগুলোর নীরব না থাকা গুরুত্বপূর্ণ।’
তিনি সতর্ক করে বলেন, হামলার স্থানগুলোতে ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারে।
জেলেনস্কি জানান, কিয়েভের ২০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে রয়েছে আবাসিক ভবন, একটি স্কুল, একটি পশু চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামো।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, শহরে চালানো এই হামলায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
পরে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভ অঞ্চলে বিভিন্ন হামলায় এক শিশুসহ মোট ৩১ জন আহত হয়েছে।
ভোর হওয়ার পর এএফপির সাংবাদিকরা কিয়েভে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীদের জীবিতদের খোঁজ করতে দেখেছেন। আংশিক ধসে পড়া একটি আবাসিক ভবন থেকে আহত একজনকে উদ্ধার করে বের করে আনতেও দেখা যায় উদ্ধারকর্মীদের।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলছে।
গত মঙ্গলবার রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতি শেষ করার পর আবারো মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা শুরু হয়।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে রেড স্কয়ারে সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এ সপ্তাহের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনায় তুলতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
চার বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: বাসস



