রাশিয়া রাতে দক্ষিণ ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় একজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ৩০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনের খেরসন শহরের সামরিক কর্মকর্তারা জানায়, রাশিয়ার একটি ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
গত ২০২২ সালের আগ্রাসনের পর থেকে মস্কো প্রায় প্রতি রাতেই তার প্রতিবেশী ইউক্রেনের ওপর শত শত ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনও নিয়মিত প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে আসছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতে ৩৩৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যা পশ্চিম সীমান্তের এক ডজনেরও বেশি অঞ্চলে আটকানো হয়।
তবে সেখানে কেউ আহত হয়েছে কি-না, তা জানানো হয়নি।
কিয়েভের বিমান বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্যের ওপর বার্তাসংস্থা এএফপির এক বিশ্লেষণে দেখা গেছে, রাশিয়া এপ্রিল মাসে ইউক্রেনে রেকর্ডসংখ্যক দূরপাল্লার আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে।
রাশিয়া এপ্রিল মাসে ছয় হাজার ৫৮৩টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে, যা গত মার্চ মাসে ছোড়া সংখ্যার চেয়ে দুই শতাংশ বেশি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের শেষের দিকে একদিনে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩৮৯টি ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে।
সূত্র: বাসস



