রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন
হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন |সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সুমির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ জানান, ‘বিলোপিলিয়া কমিউনিটি এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা চালানো হয়। স্থানটি রাশিয়ার সাথে রাষ্ট্রীয় সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত।’

তিনি আরো জানান, রাশিয়ার চালানো হামলায় ৪৮ ও ৭২ বছর বয়সী দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ কিয়েভের। জবাবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

এদিকে রোববার সকালে রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার সেভাস্তোপোলের মস্কো-নিযুক্ত গভর্নর জানান, ইউক্রেনের একটি ড্রোন হামলায় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলায় বন্দর নগরীটির বিভিন্ন এলাকার বেশ কয়েকটি বাড়ি ও একটি নাচ শেখার স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি দাবি করেন, এই হামলা চলাকালে কমপক্ষে ৪৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

এর আগে শনিবার কিয়েভ থেকে জানানো হয়, মধ্য-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরে টানা ২০ ঘণ্টা ধরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

সূত্র: বাসস