লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১৫

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় দুই শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা |সংগৃহীত

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় দুই শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি।

বুধবার (১৩ মে) বৈরুতকে দক্ষিণ লেবাননের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তিনটি ইসরাইলি ড্রোন হামলায় তারা নিহত হন।

লেবাননের রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে জিয়েহ এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের ন্যাশনাল নিউজ অ্যাজেন্সির শেয়ার করা ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর একটি ছবিতে দেখা যায়, যানবাহনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর বাইরের অংশ পুড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার দক্ষিণের শহরগুলোতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর দুই প্যারামেডিক হুসেইন জাবের এবং আহমাদ নৌরাও রয়েছেন।

মন্ত্রণালয় বুধবার জানিয়েছে যে, যুদ্ধবিরতির সময় কমপক্ষে ৫১২ জন নিহত হয়েছেন। এতে গত ২ মার্চ ইসরাইলি আগ্রাসন ও বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৯৬ জনে।

সূত্র: আল জাজিরা