ভারতের ঝাড়খণ্ড প্রদেশের চাতরা জেলায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিমারিয়া এলাকার বারিয়াতু পঞ্চায়েতের ঘন জঙ্গলে দুর্ঘটনাটি ঘটে।
জেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, রাঁচি থেকে দিল্লিগামী বিমানটি দুর্ঘটনার শিকার হয়। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, বিমানে থাকা সাতজনের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিমানটি রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত ছিল। এটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ৭টা ৩০ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রশাসন জানায়। পরে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার বনাঞ্লে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করা হয়।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।
প্যাক্স ম্যানিফেস্ট অনুযায়ী, বিমানে দুইজন পাইলট, একজন রোগী, দুইজন পরিচর্যাকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিকসহ মোট সাতজন আরোহী ছিলেন।
জানা গেছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর দুর্ঘটনায় ৬৩ শতাংশ দগ্ধ হন এবং তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে স্থানান্তর করা হচ্ছিল বলেই এই এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হয়েছিল।
সূত্র: এনডিটিভি।



