ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ-উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
তবে শুধু শিক্ষা সচিবকে অপসারণ করে ছাত্রদের মন গলাতে পারেনি ভারত সরকার। ককরোচের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নতুন সচিব সম্পর্কে মন্তব্য করেছেন, ‘সরকার জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে দুর্নীতিকে পুরস্কৃত করছে!’
তিনি এক্স-এ লিখেছেন, ‘গত রাতে শিক্ষা সচিবকে বদলি করা হয়েছে। তার স্থলে প্রাণিসম্পদ বিভাগের এমন একজন আইএএস কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে, যার বিরুদ্ধে বহু কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে।’
অভিজিৎ লেখেন, ‘প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষাকে ঘিরে পুরো সঙ্কটই ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল। এমন পরিস্থিতিতে একজন আমলাকে সরিয়ে তার জায়গায় আরেকজন গুরুতর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আমলাকে বসানো ভারতের লাখো তরুণ-তরুণীর প্রতি সরাসরি অপমান। সরকার কি চায়, আমরা এটাকেই ‘সমঝোতা’ হিসেবে মেনে নিই?’
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এটি কোনো জবাবদিহি নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা থামব না।’
ভারতের সমন্বিত মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। যদিও তিনি শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন। বর্তমানে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিক্যাল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১২ জন শিক্ষার্থী।



