পশ্চিমবঙ্গে চালু হলো বেকারভাতা, মাসে কত করে পাবেন ‘যোগ্য বেকার’রা?

‘প্রাথমিকভাবে পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে এই ভাতা দেয়া হবে। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে চালু হয়েছে বেকারভাতা। যোগ্য বেকাররা প্রতিমাসে এই ভাতা পাবেন বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (৭ মার্চ) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল (শনিবার) থেকেই যোগ্য বেকারদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা আসতে শুরু করেছে।

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের টাকা আজ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক হিসাবের মধ্যে ঢুকতে শুরু করবে।

এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি পশ্চিমবঙ্গ রাজ্যের বহু বেকার তরুণ-তরুণী। যোগ্য আবেদনকারী বেকাররা প্রতিমাসে ভাতা বাবদ দেড় হাজার টাকা করে পাবেন।

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে যারা ইতোমধ্যেই রাজ্যের অন্য কোনো জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় থাকবেন না।

মুখ্যমন্ত্রী মমতা জানান, প্রাথমিকভাবে পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে এই ভাতা দেয়া হবে। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।