ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ৭৯ বছর বয়সী এই কংগ্রেস নেত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন রাজ্যসভার এই সদস্য।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ছোট একটি অস্ত্রোপচারের জন্য সোনিয়া গান্ধীকে গুরুগ্রামের ‘মেদান্তা-দ্য মেডিসিটি’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে।
এর আগে গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পরীক্ষায় তার শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।
এরও আগে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।
বর্ষীয়ান এই রাজনীতিক ২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন।
সূত্র: এনডিটিভি।



