ভারতে একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো দু’জন। রোববার (৩ মে) ভোরে দিল্লির বিবেক বিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে দমকলকর্মীরা সেখানে পৌঁছে দেখেন, আগুন ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, তারা সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের অপরাধ দমন দলের কাছে হস্তান্তর করেছে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেন, ‘ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সাথে সাথে ফায়ার টেন্ডার ও স্থানীয় পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।’
পুলিশ জানিয়েছে, তারা সব লাশ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।
সূত্র: এনডিটিভি



