ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে আগুন লেগে ২১ জনের প্রাণহানি হওয়ার ঘটনায় হোটেলটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ জানায়, হোটেলটির মালিক লাভকেশ বাজাজকে বুধবার (৩ জুন) গভীর রাতে গ্রেফতার করা হয়। কয়েক ঘণ্টা আগেই আগুনে ভবনটি পুড়ে যায়। এতে কমপক্ষে নয়জন ভারতীয় নাগরিক ও কয়েকজন বিদেশীর মৃত্যু হয়।
নয়াদিল্লি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এখন পর্যন্ত এই ঘটনায় মৃত দুই বিদেশীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের একজন লাইবেরিয়ার নাগরিক ও অন্যজন মোজাম্বিকের নাগরিক।
অগ্নিনির্বাপণ সরঞ্জামের ঘাটতি ও নিরাপত্তা বিধি নিয়মিত উপেক্ষা করার কারণে ভারতে ভবনে আগুনের ঘটনা প্রায়ই ঘটে।
ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ফ্লারিশ স্টে হোটেলে আগুন ছড়িয়ে পড়ার সময় ওপরের তলায় আটকে পড়া লোকজনকে নিচে পাতা গদির ওপর লাফ দিতে দেখা যায়।
গুরুতর দগ্ধ হওয়া ও রাস্তায় লাফ দেয়ার সময় হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন আঘাত নিয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তা সুব্রত কুমার সেন জানান, বৃহস্পতিবার সকালে পৃথক আরেকটি আগুনের ঘটনায় পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ডে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
সূত্র: বাসস



