ভারতের আগ্রা থেকে আহমেদাবাদ পর্যন্ত বিভিন্ন এলাকায় মুসলিম হকার এবং ছোট ব্যবসায়ীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশকিছু ভিডিও এবং সংবাদ প্রতিবেদনে এই ধরনের ঘটনার কথা উঠে এসেছে, যেখানে ধর্মীয় পরিচয় ধরে মুসলিম হকারদের হেনস্থা করা হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগ্রাতে মুসলিম হকারদের থামিয়ে তাদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করা হচ্ছে এবং নির্দিষ্ট এলাকায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে।
একইসাথে আহমেদাবাদের বাপুনগর এলাকায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা একজন মুসলিম খাদ্য বিক্রেতাকে ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, শুধুমাত্র হিন্দুরাই ওই এলাকায় ব্যবসা করতে পারবে।
আগ্রা-আলিগড় হাইওয়েতে এক বৃদ্ধ মুসলিম চা বিক্রেতাকে হয়রানির অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে দেখা যায়, তাকে তার স্টলের নাম পরিবর্তনের জন্য চাপ দেয়া হচ্ছে। অভিযোগ উঠেছে যে, অনেক ক্ষেত্রে পুলিশ নীরব থাকছে বা কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে হয়রানি বৃদ্ধি পাচ্ছে।
তবে আগ্রার ক্ষেত্রে, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। আর আহমেদাবাদের সমাজকর্মীরা জানিয়েছেন, সাধারণ বিক্রেতারা পরিবারের আয়ের জন্য বের হন, কিন্তু ধর্মের কারণে তাদের বাধা দেয়া তাদের জীবিকার মৌলিক অধিকারকে খর্ব করছে।



