পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন।
ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে মার্কিন দূতাবাসে নাটালি বেকারের সাথে সাক্ষাতকালে মহসিন নাকভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মহসিন নাকভি বলেছেন- পাকিস্তান তাদের সকল বিশেষ অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মহসিন নাকভি বলেন, এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্যের জন্য প্রার্থনা করছে ইসলামাবাদ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা নিরসনে পাকিস্তানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে দেখা করে ইসলামাবাদ আলোচনার দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ইরান এই আলোচনায় অংশ নেয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও নাকভি জানিয়েছেন, সব আয়োজন চূড়ান্ত এবং প্রতিনিধিদলের জন্য ‘নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা’ করা হয়েছে।
বৈঠকে তিনি তার সাম্প্রতিক ইরান সফর সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোগাদাম উত্তেজনা নিরসনে পাকিস্তানের ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার’ প্রশংসা করেছেন।
এই বৈঠকে ইসলামাবাদের চিফ কমিশনার, আইজিপি এবং ডেপুটি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বিবিসি



