অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পাকিস্তানের চেয়ারম্যান ইমরান খানের সাথে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে খানের সাথে দেখা করেন বোন উজমা খান। স্থানীয় গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী ইমরানের সাথে দেখা করতে দেয়ার দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। জেলের বাইরে জড়ো হয়েছিলেন বেশ কিছু পিটিআই সমর্থক। বিকেলের দিকে (পাকিস্তান সময়) আদিয়ালা জেলে যান উজমা।
ইমরানের পরিবার ও তার দলের সদস্যদের অভিযোগ ছিল, কারাবন্দী নেতার সাথে সপ্তাহে অন্তত দু’বার দেখা করার অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তারপরও সেই নির্দেশ উপেক্ষা করে জেল কর্তৃপক্ষ খানের সাথে কাউকে দেখা করতে দিচ্ছেন না। কেন তার সাথে দেখা করতে দেয়া হবে না, সেই প্রশ্ন তুলে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন পিটিআই সমর্থকেরা।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই ইমরান খানকে নানা গুজব ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষাপটে পরিস্থিতি উত্তপ্ত হলে খানে সাথে সাক্ষাতের সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।
সূত্র : ডন



