পাকিস্তানকে সহায়তার বার্তা নিয়ে ইসলামাবাদে সৌদি অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজনের সময়েই সৌদি অর্থমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে এই আলোচনায় তিনি অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি |ফাইল ছবি

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান অর্থনৈতিক সহায়তার বার্তা নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করছেন। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেয়া বিপুল পরিমাণ ঋণ পরিশোধের ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যেই তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় জানিয়েছে, সম্প্রতি সৌদি যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর এক উষ্ণ ও আন্তরিক টেলিফোন আলাপ হয়েছে। সেখানে পাকিস্তানের প্রতি সৌদি যুবরাজের দৃঢ় সমর্থনের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানকে যে অর্থনৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে, তা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজনের সময়েই সৌদি অর্থমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে এই আলোচনায় তিনি অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সফর আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আর্থিক সঙ্কটে থাকা পাকিস্তান সম্প্রতি জানিয়েছে, ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেয়া ৩ বিলিয়ন ডলারের বেশি ঋণ তারা পরিশোধ করবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সফর পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টায় নতুন গতি সঞ্চার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা